নাহিদের রিট খারিজ, ঢাকা-১১ আসনে কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৬, ০১:৩৩ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ওই আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অপরদিকে, ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম, উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে। হাইকোর্টের সর্বশেষ আদেশে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত বহাল থাকলো।
বাংলাধারা/এসআর
