ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৪, ২০২৬, ০১:৫৩ দুপুর  

ছবি: সংগৃহিত

নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো বরিশাল নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

হেলিকপ্টার থেকে নামার পরপরই তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষস্থানীয় নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসভাস্থলে প্রবেশের সময় তাকে বহনকারী গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়।

তারেক রহমানের আগমনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষ বেলস পার্ক ও আশপাশের এলাকায় জড়ো হন। অনেকেই রাত থেকেই সভাস্থলের আশপাশে অবস্থান নেন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এই জনসভাকে বিএনপি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটির নেতারা।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশালে আগমন করায় দক্ষিণাঞ্চলে দলের রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

বাংলাধারা/এসআর