প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটি।সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন গঠিত সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধান সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা সংসদ সদস্য অংশগ্রহণ করেন।কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সভাপতি। একই সঙ্গে বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি প্রদান এবং গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবি সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক
মতামত