চট্টগ্রাম নগরে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) চউকের অথরাইজড-২-এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।চউক সূত্রে জানা গেছে, নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে অধিকাংশ ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নকশাবহির্ভূত বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়।অভিযানে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে দেওয়া হয়।পাশাপাশি অবশিষ্ট নকশাবহির্ভূত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও সুশৃঙ্খল নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযান নিয়মিত চলবে।
বাংলাধারা/ডেস্ক
মতামত