প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট নামে ভুয়া কৃষি প্রকল্পে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান ঘটনা বিস্তারিত গণমাধ্যমকে জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তার বাড়ি ভোলা জেলার শশীভোষণ থানার জাহানপুর এলাকায়।
ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে ঢাকা মেট্রো উত্তর ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চক্রটি নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্প চালু করে।
সেখানে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মাসে ৩ হাজার টাকা লাভ এবং ৩৩ মাসে মূলধন দ্বিগুণ করার প্রলোভন দেওয়া হতো।
এই প্রলোভনে পড়ে ২০২৩ সালের মে মাসে বাদী ও তার তিন বান্ধবী ভাটারা এলাকার কুড়িল চৌরাস্তা সংলগ্ন অফিসে গিয়ে বিনিয়োগ করেন।
প্রথমে বাদী ৭ লাখ এবং অন্যরা ৫ লাখ টাকা করে বিনিয়োগ করেন। পরে আস্থা অর্জনের জন্য কিছু টাকা ফেরত দেওয়া হয়। এরপর ২০২৩ সালের জুলাই মাসে তারা ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্লট কেনার নামে চাপ প্রয়োগ করে মোট ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা আদায় করা হয়। যদিও আংশিকভাবে ১৮ লাখ ৭২ হাজার টাকা ফেরত দেওয়া হয়, পরে অফিস বন্ধ করে চক্রটি আত্মগোপনে চলে যায়।
তদন্ত চলমান
সিআইডি জানিয়েছে, এই প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একইসঙ্গে সিআইডি সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে তার সত্যতা যাচাই ছাড়া আর্থিক লেনদেন নিয়ে সচেতন থাকা জরুরি।
মন্তব্য করুন