বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

কুয়েত ও বাহরাইনে আবারও আইআরজিসির হামলা, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবারের হামলার পর বুধবার গভীর রাতেও কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

আইআরআইবির প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় আইআরজিসির নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় শত্রুপক্ষের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের অন্যান্য সামরিক ঘাঁটিও হামলার আওতায় আনা হবে।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত ৫ জুলাই, যখন ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠে আইআরজিসির বিরুদ্ধে। এর জবাবে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় ৮০টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।

মার্কিন ওই হামলার প্রতিক্রিয়ায় প্রথম দফায় কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় আইআরজিসি। এরপর বুধবার রাতে সেন্টকোমের নতুন হামলার জবাবে দ্বিতীয় দফায় একই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।

এদিকে চলমান সংঘাতের মধ্যেই বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার ওই ঘোষণার অল্প সময় পরই ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালায় সেন্টকোম।

আইআরজিসির কর্মকর্তাদের দাবি, বুধবারের মার্কিন হামলার প্রতিশোধ নিতেই কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফার এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বাংলাধারা/শারমিন
 

মন্তব্য করুন