প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘদিনের ব্যাটিং কোচের ঘাটতি এবার পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের নতুন স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে তারা। দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন ৪৬ বছর বয়সী এই কোচ।
মঙ্গলবার পিসিবি স্মিথের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। লাল বল ও সাদা বল দুই ফরম্যাটের দলেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এতদিন পাকিস্তানের টেস্ট দলের স্বীকৃত বোলিং কোচ হিসেবে কাজ করছেন উমর গুল। তবে জাতীয় দলের দুই ফরম্যাটের কোনোটিতেই পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। জাতীয় নির্বাচক আসাদ শফিক খণ্ডকালীনভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন। ফলে ব্যাটিং ইউনিটের দুর্বলতা কাটাতে একজন পূর্ণকালীন কোচ নিয়োগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিংয়েও সেই ঘাটতির ছাপ স্পষ্ট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সপ্তাহে তারৌবা টেস্টে ব্যাটিং ধসের পর স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে স্মিথের নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে স্মিথের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। লেভেল-৪ কোচিং যোগ্যতাসম্পন্ন স্মিথ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করে পরিচিতি পেয়েছেন। পাকিস্তানের ক্রিকেট সম্পর্কেও তার রয়েছে ভালো ধারণা। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সঙ্গে কাজ করেছেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের সঙ্গে কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৭ হাজার ২৯ রান। এর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি।
তবে নতুন দায়িত্বে স্মিথের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে ভুগতে থাকা পাকিস্তানকে ঘুরে দাঁড় করানোই হবে তার প্রথম পরীক্ষা। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের পর থেকে টানা আটটি অ্যাওয়ে টেস্টে হেরেছে পাকিস্তান। এবার ইংল্যান্ড সফরে দলটির ব্যাটিং ইউনিটকে কতটা বদলে দিতে পারেন স্মিথ, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন