রাজধানীর বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে স্থবির যান চলাচল
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৪৮ দুপুর
ছবি: সংগৃহিত
রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চালকরা। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা চালকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সকাল থেকেই সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা একটি দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে এই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই এলাকায় মেট্রোরেলের নির্মাণকাজ চলায় যানজটের চাপ ছিল। সড়ক অবরোধে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।
আন্দোলনরত চালকদের দাবি, আগামী ৩০ জানুয়ারির মধ্যে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি ও চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে হবে। দাবি পূরণ না হলে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
বাংলাধারা/এসআর
