ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ফেডারেল আদালতে তোলা হবে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৬, ০৩:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখান থেকেই তাঁকে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ ফেডারেল আদালতে হাজির করা হবে।

মার্কিন স্থানীয় সময় সোমবার এই দম্পতিকে আদালতে তোলা হতে পারে। শুনানিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। ২৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি একটি সহিংস অপরাধচক্রকে সহায়তার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও আনা হয়েছে।

তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন নিকোলাস মাদুরো। গ্রেপ্তারের আগে তিনি দাবি করেন, তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অভিযোগ তোলা হয়েছে। আদালতে হাজির করার পর মাদুরো ও ফ্লোরেসকে অভিযোগ স্বীকার বা অস্বীকার করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে আইনজীবীদের মতে, তাঁদের জামিন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

ব্রুকলিনের যে আটক কেন্দ্রে মাদুরোকে রাখা হয়েছে, সেটি অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আগে থেকেই সমালোচিত। অতীতে সেখানে একাধিক সহিংস ঘটনার অভিযোগ উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। একই সঙ্গে তিনি দেশটির তেল শিল্পে পূর্ণ প্রবেশাধিকার দাবি করেন। মাদুরো ঘনিষ্ঠ নেতা বা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানতে ব্যর্থ হলে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারিও দেন ট্রাম্প।


বাংলাধারা/এসআর