ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৮, ২০২৬, ১২:০০ দুপুর  

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় এখনো কাউকে শনাক্ত করা না যাওয়ায় অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, মামলায় সরাসরি কোনো নাম উল্লেখ করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্তের কথা এজাহারে উল্লেখ আছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পাশে স্টার কাবাব সংলগ্ন গলিতে এই গুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির।

এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বাংলাধারা/এসআর