নিহত ১৮, ঘরছাড়া ২০ হাজার মানুষ
চিলির দক্ষিণে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৪৪ দুপুর
ছবি: সংগৃহিত
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
রোববার (১৮ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দুই অঞ্চলেই দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি।
চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, সারা দেশে বর্তমানে অন্তত ২৪টি সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলের আগুন সবচেয়ে বিস্তৃত ও বিপজ্জনক আকার ধারণ করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে ধ্বংস হয়েছে ২৫০টিরও বেশি ঘরবাড়ি।
উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সংশ্লিষ্টরা জানান, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একই ধরনের তাপপ্রবাহ ও দাবানলে চলতি মাসে প্রতিবেশী আর্জেন্টিনাও ক্ষতির মুখে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সরকার। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়া অনুকূলে না এলে দাবানলের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
বাংলাধারা/এসআর
