ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৬, ১১:৫৮ দুপুর
ছবি: সংগৃহিত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহারাষ্ট্রে চলমান জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনভর একাধিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। এ উপলক্ষে বুধবার সকালে তিনি রাজধানী মুম্বাই থেকে একটি চার্টার্ড বিমানে করে নিজ নির্বাচনী এলাকা বারামতির উদ্দেশে রওনা হন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই বিমানে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন দুইজন পাইলট এবং তাঁর তিনজন ব্যক্তিগত দেহরক্ষী। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। এতে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে; ধ্বংসাবশেষের কোনো অংশই অক্ষত নেই।
অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক ও সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার সক্রিয় রাজনীতি থেকে সরে গেলে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অজিত পাওয়ার। তাঁর আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাধারা/এসআর
