খুলনা ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৫০ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে নিহত হয়েছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
মৃত্যুর পর খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেন্দ্রে প্রিন্সিপাল ও জামায়াত সমর্থকদের উপস্থিতিতে মহিবুজ্জামান কচি আহত হয়ে মারা যান। তিনি কেন্দ্রের প্রিন্সিপাল ও সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান এবং ঘটনাটি তদন্ত করার আহ্বান জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল অভিযোগ করেন, কেন্দ্রের অধ্যক্ষ ভোটদানের সময় প্রতিপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে মহিবুজ্জামান কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পান, যা মৃত্যু পর্যন্ত নিয়ে যায়।
জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল জানান, ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত নয়, মহিবুজ্জামান অসুস্থ অবস্থায় হঠাৎ আক্রান্ত হন। তবে তিনি সঠিক তথ্য জানার জন্য তদন্তের আহ্বান জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে উত্তেজনা দেখা গেছে, তবে আহত হওয়ার মুহূর্ত এখনও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের পর তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে।
প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং এটি তার দায়িত্বের বিষয় নয়।
এ ঘটনার পর খুলনায় ভোটকেন্দ্রের পরিবেশে উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
বাংলাধারা/এসআর
