ঢাকা-৬: দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি ৯.৪২%, শান্তিপূর্ণ ভোটগ্রহণে ভোটারদের উৎসাহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৪৩ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে দুই ঘণ্টার মধ্যে ৩৪৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটারের তুলনায় ৯.৪২ শতাংশ।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন জানান, এই কেন্দ্রে মোট ৩,৩৩৭ জন ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরুষ ভোটার ছিলেন ২০১ জন, নারী ভোটার ১৪৭ জন। তিনি জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটারদের আগ্রহও লক্ষ্যযোগ্য।
এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা ভোট দিয়ে বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। মানুষের মুখে আশা শুনতে পাচ্ছি। আল্লাহর ওপর ভরসা রেখে আশা করি আমার ছেলে বিজয়ী হবে। দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক বিষয়।
ঢাকা-৬ আসন দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডে বিস্তৃত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল মান্নান। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীকে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলামও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারের উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশ দেখা দেয়ার ফলে আশা করা যাচ্ছে, সারাদিন ধরে কেন্দ্রে সমন্বিত ও নিরাপদ ভোটগ্রহণ অব্যাহত থাকবে।
বাংলাধারা/এসআর
