ঢাকা-১৭ আসনের আংশিক ফলে এগিয়ে তারেক রহমান, ১৮ কেন্দ্রের গণনায় হাড্ডাহাড্ডি লড়াই
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৪৬ রাত
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত ১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। ফলে সীমিত কেন্দ্রের ফলেই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। সকালবেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার এক লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন।
এবারের নির্বাচনে অংশ নিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ ৫১টি দল। সারাদেশে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আংশিক ফলাফল প্রকাশ অব্যাহত রয়েছে; পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পরই আসনটির চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাধারা/এসআর
