পিলখানা হত্যা মামলায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ নেতা আসামির তালিকায়
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৫৯ দুপুর
ছবি: সংগৃহিত
পিলখানা হত্যা মামলার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাক্ষীদের জবানবন্দিতে তৎকালীন সরকারের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন মেয়র ফজলে নূর তাপস, রাজনীতিক জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আরও কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য। আইন অনুযায়ী সাক্ষ্যে নাম উঠে এলে তাদের মামলায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিস্ফোরক মামলাটিতে বর্তমানে আসামি প্রায় সাড়ে ৮০০ জন এবং সাক্ষী রয়েছেন প্রায় ১,২০০ জন। এর মধ্যে প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে শেখ হাসিনাসহ কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে প্রসিকিউশন সূত্র দাবি করেছে।
মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই মামলার কয়েক শ’ আসামি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এ তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এই ঘটনার বিচারপ্রক্রিয়া এখনো চলমান।
বাংলাধারা/এসআর
