নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪১ দুপুর
ছবি: সংগৃহিত
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ওলি মিয়া, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান যে সকালবেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাধারা/এসআর
