হালিশহরে ভোরের গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৫৪ দুপুর
ছবি: সংগৃহিত
চট্টগ্রামের হালিশহর এলাকায় ভোরবেলা জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এলাকার এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্নাঘর বা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোরে আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা শিশুসহ সাতজন দগ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় ভবনে অন্য বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত করা হবে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের ভবনের লোকজনও ঘর থেকে বেরিয়ে আসেন। দুর্ঘটনার পর ভবনটিতে গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাধারা/এসআর
