একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৪৬ সকাল
ছবি: সংগৃহিত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। চারদিকে নীরবতা নেমে আসে, আর সমবেত কণ্ঠে উচ্চারিত দোয়া যেন ভাষা আন্দোলনের চেতনা নতুন করে স্মরণ করিয়ে দেয়।
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী তাঁর সহকর্মীদের সঙ্গে আবারও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। পরে বিএনপি-এর নেতারাও ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের এই প্রহর ঘিরে শহীদ মিনার এলাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আবৃত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন, যাতে শ্রদ্ধা নিবেদনে আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল বাড়তে থাকে, আর ফুলের স্তূপে ঢেকে যায় শহীদ মিনারের বেদী, যা বাঙালির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতি অবিচল ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।
বাংলাধারা/এসআর
