দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:২৪ দুপুর
ছবি: সংগৃহিত
শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দপ্তরে দুর্নীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া যাবে না এবং কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মন্ত্রণালয়ের সব পর্যায়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালির অধিকার সংগ্রামের প্রতীক। ভাষা মানুষের মৌলিক অধিকার এবং জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাঙালিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, এ ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়।
শিক্ষা খাতকে রাষ্ট্রগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে তিনটি বিষয়ে জোর দিতে হবে, মানসম্মত কারিকুলাম, কার্যকর শ্রেণিকক্ষ পাঠদান এবং সারাদেশে শিক্ষার মানে সামঞ্জস্য। দেশে বিদ্যমান বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাধারার মধ্যে মানগত সমন্বয় জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
প্রাথমিক পর্যায়ে ভাষা ও গণিত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এই দুই বিষয়ে দুর্বলতা থাকলে শিক্ষার ভিত্তি শক্ত হয় না। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় টাস্কফোর্স গঠন করা হবে এবং ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনাও রয়েছে। তবে ইংরেজি শেখানোর আগে শিক্ষার্থীদের বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাধারা/এসআর
