ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

কুষ্টিয়ায় সিলিন্ডার ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

কুষ্টিয়া বাইপাস সড়কে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনার মেয়ের জামাই ও সিএনজি চালক জাকারিয়া সরকার (৪০), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) এবং অজ্ঞাতপরিচয় এক নারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাটি শহরের ত্রিমোহনী এলাকা থেকে বাইপাস সড়ক হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজিটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আমেনা খাতুন ও কমেলা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি খাজানগরে ফিরছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ওসি আবু ওবায়েদ বলেন, “ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোট পাঁচজন নিহত হয়েছেন। ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয়রা জানান, বাইপাস সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল এবং ভারী ট্রাকের চাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।

বাংলাধারা/এসআর