ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:১৩ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রথমবারের মতো রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয় এ আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে ডেকে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, যা উপস্থিতদের মধ্যে উষ্ণ পরিবেশ সৃষ্টি করে।

দায়িত্বগ্রহণের প্রতীকী সূচনা হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। সংশ্লিষ্টরা জানান, এটি ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের স্মরণে প্রকাশিত একটি স্মারক উদ্যোগ, যা দেশের ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এদিনের কর্মসূচির মাধ্যমে তেজগাঁও কার্যালয়ে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম শুরু হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে নীতি, নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বাংলাধারা/এসআর