মেয়াদ শেষে ধাপে ধাপে সিটি নির্বাচন, সংসদেই ঠিক হবে দলীয় প্রতীক : মির্জা ফখরুল
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে দেশের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয়টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোতেই আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার আগেই দুটি সিটি করপোরেশনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার ভাষ্য, “মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানগুলোর নির্বাচনই আগে হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।”
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদে। আগামী ১২ মার্চ বসতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি।
নিজের ব্যক্তিগত মতামত আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে ব্যক্তিগত মতামতের সুযোগ নেই; দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করতে হবে।
সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা দায়িত্বে থাকলে জনগণ আরও বেশি ও কার্যকর সেবা পাবে, এমনটাই সরকারের বিশ্বাস। এতে জনগণের সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততা বাড়বে বলেও তিনি মনে করেন।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হয়ে কতদিন চলবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়। এটি ধাপে ধাপে চলমান প্রক্রিয়া। ইউনিয়ন পরিষদ, উপজেলা বা সিটি করপোরেশন, সব ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নির্বাচন হয়, এটাই স্বাভাবিক সাংবিধানিক ধারা।
এর আগে অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক এলজিআরডি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন। তারা মশা নিধন, যানজট নিরসন, সড়ক মেরামতসহ নগরবাসীর প্রধান দুর্ভোগ কমাতে কাজ করার প্রতিশ্রুতি দেন। দ্রুত ফল দিতে তারা ৬০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানান।
বাংলাধারা/এসআর
