ইরানি ক্ষেপণাস্ত্র ইস্যুতে পেজেশকিয়ানকে কড়া বার্তা এরদোয়ানের
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:৪২ সকাল
ছবি: সংগৃহিত
তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তুরস্ক তা কোনোভাবেই ক্ষমা করবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার সোমবার (৯ মার্চ)। দুই ক্ষেত্রেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।
সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে চলমান যুদ্ধে কোনো পক্ষ না থাকা সত্ত্বেও তুরস্ক সরাসরি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে।
প্রতিবেশী দেশগুলোর ওপর হামলাকে ‘বেআইনি হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে কারও কোনো স্বার্থ অর্জন হবে না। আঙ্কারা কখনোই এমন কর্মকাণ্ড অনুমোদন করবে না বলেও তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা হলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট।
একই ফোনালাপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রীর নিহত হওয়ার ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন এরদোয়ান।
অন্যদিকে তুরস্কের অভিযোগের জবাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বাংলাধারা/এসআর
