লন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
প্রকাশিত: মার্চ ০৮, ২০২৬, ১১:০০ দুপুর
ছবি: সংগৃহিত
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবিদা ইসলামের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর বলেন, “একটা সুখবর আছে। শুনুন এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনা ঘটল। এর আগে অন্তর্বর্তী সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি ওই পদে সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন।
কূটনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
বাংলাধারা/এসআর
