ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:৩২ সকাল  

ছবি: সংগৃহিত

বিশ্বের ১২১টি দেশের শহরের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার সকাল ৯টা ১৪ মিনিটে প্রকাশিত বায়ুমান সূচক অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) দাঁড়িয়েছে ৪০৯, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই তালিকায় ২৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। এ স্কোর অনুযায়ী শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া ১৮৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ এবং ১৮৩ স্কোর নিয়ে দিল্লি পঞ্চম অবস্থানে রয়েছে। এই দুই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উচ্চমাত্রার বায়ুদূষণ দীর্ঘস্থায়ী হলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা এবং ফুসফুসজনিত নানা রোগের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক এবং শ্বাসপ্রশ্বাসজনিত রোগে আক্রান্তদের জন্য এ পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

বাংলাধারা/এসআর