ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:২৬ সকাল
ছবি: সংগৃহিত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন শুরু হয়েছে আজ বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে আগের মতোই এবারও বিশেষ ব্যবস্থায় ঈদ উপলক্ষ্যে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রা ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ। ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
ঈদ সামনে রেখে টিকিট সংগ্রহে অনলাইনে ব্যাপক চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য যাত্রীদের সময়মতো লগইন করে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে।
বাংলাধারা/এসআর
