ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহতের দাবি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:২৩ সকাল  

ছবি: সংগৃহিত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর মাত্র চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন এক হাজার ৯৭ জন। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের কম বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, একই সময়ে আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ শিশু রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চার দিনের ব্যবধানে ইরানের বিভিন্ন স্থানে শত শত রাউন্ড বোমা নিক্ষেপ করেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে হতাহতদের বিষয়ে বিপুল পরিমাণ তথ্য আসছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

সংঘাতের মধ্যে বেসামরিক প্রাণহানির এই চিত্র আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাধারা/এসআর