চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০২:০২ দুপুর
ছবি: সংগৃহিত
চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নিরপেক্ষভাবে তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই শেষে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিএমপি সদর দপ্তর পরিদর্শনের বিষয়ে তিনি জানান, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি ও ৫০ থানার ওসিদের সঙ্গে বৈঠকে তাদের বিভিন্ন সমস্যা শোনা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় একটি ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে পুলিশের প্রতিষ্ঠান হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের নয়। পুলিশকে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থেকে আইনানুগভাবে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, খুব শিগগিরই চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব হবে।
মতবিনিময় সভায় আইজিপি আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মো. সারওয়ারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এসআর
