ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০৬, ২০২৬, ০৩:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতের নির্বাচন প্রক্রিয়ায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তারা।

এর আগে দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের রায় পরিবর্তনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। ওই ঘটনার পরদিনই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয় এবং এরই ধারাবাহিকতায় শুক্রবার এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।

বাংলাধারা/এসআর