ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৫২, ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে এগোতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৩ রাত  

ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে সরকার ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ১৯৫২, ১৯৭১ ও ২০২৪-এর চেতনা ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের শক্তি দিন।”

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের সমর্থনের ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। পাশাপাশি ইপিজেড ও বিমানবন্দর চালুর কার্যক্রমও এগিয়ে চলছে।

কৃষকদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা কৃষকদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামান এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

বাংলাধারা/এসআর