বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ গান, সত্যজিৎ অনুরাগীদের ক্ষোভ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:১৮ রাত
ছবি: সংগৃহিত
বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমা ভূত বাংলা মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। ছবিটির নতুন গান প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, গানটি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় এর কালজয়ী সৃষ্টি গুপী গাইন বাঘা বাইন-এর জনপ্রিয় গানের ভাব ও ভাষার অনুকরণে তৈরি।
‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটিতে “কালা ভূত গোরা ভূত”, “নর ভূত মাদা ভূত”, “ভাই ভূত বহেনা ভূত” এর মতো শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, যা অনেকের মতে সরাসরি “আহা ভূত, বাহা ভূত” গানের অনুষঙ্গ মনে করিয়ে দেয়। সমালোচকদের দাবি, মূল গানের স্নিগ্ধতা ও কাব্যিক আবেদন এখানে অনুপস্থিত।
গানের দৃশ্যায়ন নিয়েও আপত্তি উঠেছে। দর্শকদের একাংশের মতে, সুরকার প্রীতম ও গীতিকার কুমার মূল সৃষ্টির আবহ বজায় রাখতে পারেননি। বিশেষ করে অক্ষয় কুমারের সঙ্গে স্বল্পবসনা নৃত্যশিল্পীদের উপস্থিতি গানটির মেজাজের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন অনেকে।
বিতর্কের জবাবে প্রীতম সামাজিক মাধ্যমে জানান, তিনি সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি নির্মাণ করেছেন। তবে চলচ্চিত্রপ্রেমীদের প্রশ্ন—শ্রদ্ধা জানাতে গিয়ে মূল সৃষ্টির শৈল্পিক মর্যাদা রক্ষা করা হলো না কেন? সামাজিক মাধ্যমে অনেকেই একে “সস্তা অনুকরণ” বলেও আখ্যা দিয়েছেন।
হরর-কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। পরিচালক-অভিনেতা এই জুটি এর আগে ভুলভুলাইয়া ও ভাগম ভাগ এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। নতুন সিনেমাটি আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
বাংলাধারা/এসআর
