সারা দেশে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ, কৃষিতে আসবে বড় পরিবর্তন: প্রতিমন্ত্রী
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:৫৭ রাত
ছবি: সংগৃহিত
সারা দেশের নদী-খাল ও জলাশয় পুনঃখননের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতীতে যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেই ঐতিহাসিক উদ্যোগকে অনুসরণ করেই বর্তমান সরকার দেশব্যাপী খাল পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, পরিদর্শনকৃত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এতে সেচ ব্যয় কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রকল্প তার বাস্তবায়নেরই একটি অংশ। খাল খননের মাধ্যমে কতটা নতুন জমি আবাদযোগ্য হতে পারে, পরিদর্শনকৃত এলাকাটি তার বাস্তব উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সমন্বিতভাবে কাজ করার জন্য বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দেশ্য, খনন করা খালগুলো যেন ভবিষ্যতে আবার ভরাট না হয়ে যায়। এজন্য খালপাড়ে বৃক্ষরোপণসহ টেকসই সংরক্ষণব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক শামীম আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।
বাংলাধারা/এসআর
