তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
প্রকাশিত: মার্চ ০৯, ২০২৬, ০৭:১১ বিকাল
ছবি: সংগৃহিত
জ্বালানি তেল সরবরাহকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনের ক্ষেত্রে কিছু ডিলার আকস্মিকভাবে অতিরিক্ত চাহিদা তৈরি করছেন। এর ফলে অনেক ক্ষেত্রে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কিছু ডিলার তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে জানা গেছে। এতে করে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি প্রধান ডিপো ও স্থাপনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলোতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিপণন কোম্পানিগুলোর পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, দেশের জ্বালানি তেলের এসব ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান ডিপো ও স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়েছে।
বাংলাধারা/এসআর
