দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়েছে। অবশেষে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন এ যাত্রাবিরতিকে ঘিরে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ জন্য হিলিবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় সুবিধা। ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করারও দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক
মতামত