চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:১৬ পিএম

অনলাইন সংস্করণ

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

ছবি: বাংলাধারা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে দায়িত্ব পালনরত ছয় নাবিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরের সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা এফভি ‘দেশ ফিশিং’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেককর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জানা গেছে, সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুরে হঠাৎ ট্রলারের ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখানে আগুন ছড়িয়ে পড়লে দায়িত্বে থাকা ছয় নাবিক দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর মঙ্গলবার বিকেলে ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ট্রলারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এদিকে বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন