বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

এক লাফে ভরিতে সোনার দাম বেড়েছে ৫,৪৮২ টাকা, নতুন মূল্য কার্যকর

ছবি: সংগৃহিত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ সব ধরনের স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজার পরিস্থিতি এবং সার্বিক মূল্য বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এর আগে এ মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

এছাড়া নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৪৩২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুসের নতুন এই মূল্যতালিকা শনিবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাংলাধারা/শারমিন
 

মন্তব্য করুন