প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ইতালির রাজধানী রোমে ভয়াবহ এক হত্যাকাণ্ডে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী এক ছেলে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিগ্লোতে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিবারের কর্তা কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন তিনি। নিহত অপর দুজন হলেন তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যাসন্তান।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে কামাল হোসেনের বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের শিশু কন্যা।
এ সময় পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে হামলাকারীকে প্রতিরোধের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে রোম পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন কামাল হোসেনের ছেলে বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে রোম পুলিশ। ইতালীয় পুলিশের বিশেষ তদন্ত ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতির চেষ্টা নাকি ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত অপরাধ, সব দিকই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস একটি হত্যাকাণ্ড। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।”
তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য আপাতত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন