বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ০৩:০৪ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

ছবি: সংগৃহীত

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনী কর্তা হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় দুটিই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

অন্যদিকে, ১১ দলীয় জোটের সমর্থনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমদ। ফলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নও বৈধ হওয়ায় এখন রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী থাকলেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন