চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধ শুরুর পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিলে শাহবাগ চত্বর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবরোধ চলাকালে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা।
এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় আন্দোলন সাময়িক প্রত্যাহারের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে পরবর্তী কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।
এদিকে, রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা ছাড়া বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
বাংলাধারা/এসআর
