ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

“বাংলাদেশই আজ আমার পরিবার”

মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন পোস্ট তারেকের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৩:১৪ দুপুর  

ছবি: সংগৃহিত

মায়ের মৃত্যুতে গভীর শোক ও একাকিত্বের যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাঁর মায়ের শেষ বিদায়ে লাখ লাখ মানুষের উপস্থিতি ও ভালোবাসা তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি। সেই সুযোগে দেশবাসীকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি।

তারেক রহমান বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড **ফেসবুক পেজ** ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে বলেন,

> “নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আজ আমার পরিবার হয়ে উঠেছে।”

তিনি পোস্টে আরও লেখেন, তাঁর প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে চিরনিদ্রায় শায়িত করেছেন। মা’কে হারানোর শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না, তবু দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যেভাবে শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, মা শুধু আমার মা ছিলেন না; তিনি সমগ্র জাতির মা ছিলেন।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। তারেক রহমান বিদেশী সমবেদনার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শোকের মুহূর্তে তিনি নিজের প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকো-কেও স্মরণ করেছেন। তিনি লিখেছেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।

তিনি উল্লেখ করেছেন, আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শক্তি দিয়েছে।

শেষে তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন আমার মা’র রুহুকে শান্তি দান করেন। তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সকলকে দিয়েছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।


বাংলাধারা/এসআর