ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের আমিরের স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৩:২৫ দুপুর  

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত লিখেছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯টা ১৯ মিনিটে পোস্টে তিনি জানান, “রয়টার্সের সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন- ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে বাসায় ফিরার পর দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকরাও এসেছেন। সেসময় ভারতের দুজন কূটনীতিকও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গেও আলাপ হয়েছে।”

জামায়াতের আমির আরও উল্লেখ করেছেন, আমরা তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকল বিষয়ই আমরা পাবলিসিটিতে জানিয়েছি। আপনারা আমাদের সাক্ষাৎ প্রকাশ করতে চাইলে আমরা করতে পারি। তবে তাঁরা তখন অনুরোধ করেছিলেন প্রকাশ না করার জন্য। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে প্রকাশ করা হবে। এখানে কোনো গোপনীয়তা নেই।

শফিকুর রহমানের মতে, আমি বিস্মিত যে, কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াতের আমিরের কোনো গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ দিয়েছে। আমি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য না জেনে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

জামায়াতের আমিরের এই পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ স্বচ্ছ এবং কোনো গোপনীয়তা নেই, এবং সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর রিপোর্টিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বাংলাধারা/এসআর