ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বেগম জিয়ার সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৪:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আজ দোয়া ও শ্রদ্ধা জানাতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত হন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মূল ফটকের সামনে ভিড় জমতে দেখা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং উদ্যানসংলগ্ন সড়কেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকেও জিয়া উদ্যানের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না। পরে দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হলে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ একে একে ভেতরে প্রবেশ করে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরদিন বুধবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।


বাংলাধারা/এসআর