পদত্যাগের দুই দিন পর আবারও বিশেষ সহকারী সায়েদুর রহমান
প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৫:২৬ বিকাল
ছবি: সংগৃহিত
পদত্যাগপত্র গৃহীত হওয়ার মাত্র দুই দিন পর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে পুনরায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের মতোই তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
এর আগে গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, যিনি গত ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
নতুন করে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পুনর্নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বাংলাধারা/এসআর
