ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ১২:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও চরম জনভোগান্তি।

রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কয়েক শত শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন ফার্মগেট এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেওয়ায় সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত অবস্থায় চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। আজও বিচারের দাবিতে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের ফলে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেন।

হাসান আরিফ নামে এক অফিসগামী যাত্রী বলেন, মোহাম্মদপুর থেকে তেজগাঁওয়ে অফিসে যাচ্ছিলাম। খামারবাড়ি এসে দেখি, সব যানবাহন স্থবির। পরে জানতে পারি সড়ক অবরোধ করা হয়েছে। বাধ্য হয়ে বিজয় সরণি দিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানেও তীব্র যানজটে পড়তে হয়। ফার্মগেট থেকে অফিসে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লেগে গেছে।

রাজধানীর কাজীপাড়া থেকে শাহবাগে যাওয়ার পথে ভোগান্তির শিকার হন ফাতেমা আক্তার নামের এক নারী। তিনি বলেন, হাসপাতালে আমার রোগী আছে। সকালের খাবার নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিজয় সরণিতে এসে দেখি গাড়ি একেবারেই চলছে না। সঙ্গে ছোট বাচ্চা থাকায় হেঁটেও যেতে পারছি না। নির্দিষ্ট সময়ে না পৌঁছাতে পারলে রোগীকে খাওয়ানো যাবে না- এই দুশ্চিন্তায় পড়েছি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন,
‘তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি এবং সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

 

বাংলাধারা/এসআর