ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

‘ভারতে খেলবে না বাংলাদেশ’- আইসিসিকে বিসিবির আনুষ্ঠানিক চিঠি

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ০২:৩৬ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে, তা আরও স্পষ্ট রূপ নিতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর এবার ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে পড়েছে। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে সেসব ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ (রোববার) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে বোর্ডের এক শীর্ষ পরিচালক ঢাকা পোস্টকে নিশ্চিত করেন, ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়,
‘নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়।’
একই সঙ্গে ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। এরই মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশও নিজেদের ক্ষেত্রে নজির হিসেবে তুলে ধরছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষেও খেলার কথা ছিল টাইগারদের। গ্রুপপর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসিতে আগেই স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে সেই দল ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।

দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। ফর্মে থাকা সত্ত্বেও জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর, যিনি বিপিএলের প্রথম দিকের ম্যাচগুলোতে ব্যাট হাতে আলোচনায় রয়েছেন।

অন্যদিকে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নজরে এসেছেন রিপন মন্ডল ও আলিস ইসলাম। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নির্বাচকরা।

বিসিবি জানিয়েছে, ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ উল্লেখ ছাড়াই পরিবর্তন আনা যাবে। এরপর কোনো পরিবর্তন করতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

বিশ্লেষকদের মতে, ভারতের ভেন্যুতে না খেলার সিদ্ধান্ত শুধু নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ ক্রিকেটের কূটনৈতিক অবস্থানও এতে প্রতিফলিত হয়েছে।


বাংলাধারা/এসআর