পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার করলে আইনি ব্যবস্থা: ইসি সতর্ক
প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ০৩:৪৯ দুপুর
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটারদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রতিটি ভোটারের অধিকার এবং দায়িত্ব। ভোটের তথ্য, ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ইসি ভোটারদের অনুরোধ করেছে, পোস্টাল ভোট সংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন।
এদিকে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং চলবে আগামী সোমবার পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি প্রবাসী ভোটার, ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন।
২২ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ধাপে ধাপে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৩ লাখ ১৭ হাজার ৯১৩ জন নিবন্ধন করেছেন। এতে প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইন সংরক্ষিত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
বাংলাধারা/এসআর
