মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ
প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৬, ০২:৪৮ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক বা গ্রহণযোগ্য কারণ জানা যায়নি।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই প্রেক্ষাপটে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তাকে বাদ দেওয়ার নির্দেশ দেন বলে জানা যায়। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়।
অক্রীড়াসুলভ ও অযৌক্তিক এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
শেষ পর্যন্ত সেই আহ্বানের প্রতিফলন হিসেবেই সরকার আইপিএল সম্প্রচার বন্ধের এই নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
