ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আপিল শুনানিতে ইনসাফ নিশ্চিত করবে নির্বাচন কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৮, ২০২৬, ১১:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর ভাষায়, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং কমিশনের কাছে এলে সবাই ন্যায়বিচার পাবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা নিয়ে আপিল করেছেন কিংবা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন, সেগুলোর নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইনি ভিত্তিতে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাতের সুযোগ নেই।

নাসির উদ্দিন আরও জানান, নির্বাচন কমিশন স্বচ্ছতার নীতিতে অটল। সবার জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে উন্মুক্ত ও স্বচ্ছ। প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এদিকে আজ আপিল আবেদন গ্রহণের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। কেউ নিজের মনোনয়ন ফিরে পেতে, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন জমা দিচ্ছেন।

আগামীকাল শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর ১০ জানুয়ারি শনিবার থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত চলবে আপিল শুনানি। নির্বাচন কমিশন সূত্র জানায়, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।


বাংলাধারা/এসআর