ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৬, ০৮:২৫ রাত  

ছবি: সংগৃহিত

নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, কমিশনের কিছু পদক্ষেপে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হলে এই নির্বাচন কমিশনের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশন কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। তাঁর দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের ব্যালট তৈরি করা হয়েছে। তিনি দ্রুত প্রতীক সংবলিত সঠিক পোস্টাল ব্যালট পেপার সরবরাহের দাবি জানান।

এ ছাড়া ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের বিষয়টিকে অযৌক্তিক ও সন্দেহজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এসব তথ্য সংগ্রহের প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফাভাবে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, কারা এবং কোন প্রক্রিয়ায় ভোটার স্থান পরিবর্তন করেছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে।

শেষে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, এই নির্বাচন কমিশনের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে তার জন্য কমিশনকে নিজেদের ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধন করতে হবে এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।

বাংলাধারা/এসআর